রাতের আঁধারে আবাদি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি

৫ লাখ টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় রাতের আঁধারে স্কেভেটর দিয়ে আবাদি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির ঘটনায় জড়িত এক মাটি খেকোকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুল মোমেন (৩৭)। গত সোমবার রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী বিলের বেড়িবাঁধ এলাকা থেকে পুলিশের হাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে।

পুলিশ জানায়, ঘটনার দিন রাত ২টার দিকে সংঘবদ্ধ চক্র কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী বিলে স্কেভেটর দিয়ে আবাদি জমির মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছিল। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়া পাড়ার মো. জাকারিয়ার ছেলে মাটিখেকো আবদুল মোমেনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত মোমেনকে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৫ লাখ টাকা জরিমানা করেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, আবদুল মোমেনসহ সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে অবৈধভাবে আবাদি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছিল। খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। এসময় ঘটনাস্থল থেকে আবদুল মোমেনকে আটক করা হয়। এছাড়া পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুইজন চালক স্কেভেটর রেখে চাবি নিয়ে পালিয়ে যায়। ওই স্কেভেটর দুইটি বিকল করে দেয়া হয়। এদিকে আটককৃত আবদুল মোমেন আবাদি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির কথা স্বীকার করে। পরে তাকে ৫ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তিনি আরো জানান, কৃষি জমি রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআজ শিক্ষানুরাগী ড. মাহমুদ হাসানের ৯ম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধআবারও বন্ধ হলো কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল, ভোগান্তি