রাতারাতি বড় পরিবর্তন সম্ভব নয়, আইএমএফও একমত : অর্থমন্ত্রী

| মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

দেশের অর্থনীতিতে ‘রাতারাতি’ বড় পরিবর্তন সম্ভব নয় এবং এ বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) এমকত বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল সোমবার সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে এসে মন্ত্রী এ অগ্রগতির কথা শোনান। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেও বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। মন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি কোন ভিত্তিতে পরিচালিত হবে, তা পরিষ্কার করা হয়েছে এবং প্রস্তাবিত ভিত্তিসমূহের ওপর তারা সম্পূর্ণ একমত পোষণ করেছেন। সংস্কার কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে ধাপে ধাপে পরিবর্তনগুলো আনা হবে। রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয় এবং আইএমএফ এ বিষয়ে সহমত প্রকাশ করেছে। খবর বিডিনিউজের।

গতকাল সোমবারের বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রতি আইএমএফ প্রতিনিধিদল সম্মান জানিয়েছে। আইএমএফের সঙ্গে বাংলাদেশের আগামী দিনের নতুন কর্মসূচির ভিত্তি ও সিকোয়েন্সিং নিয়ে এবং নীতিমালার সার্বিক দিক নিয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রীর ভাষ্য, বর্তমান সরকারের চার মাসে আর্থিক খাতের সংস্কার, শেয়ার বাজার ও ক্যাপিটাল মার্কেটের উন্নয়ন এবং রাজস্ব আদায়ে দৃশ্যমান অগ্রগতিতে আইএমএফ প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র চার মাসে ট্যাক্স আদায়কে একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ইতিবাচক ধারা বজায় রেখে ট্যাক্সজিডিপি অনুপাত আরও বাড়াতে সরকারের প্রস্তাবনাসমূহ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

আলোচনায় ভর্তুকি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এখনই সুনির্দিষ্ট ডিটেইলস বা শর্ত নিয়ে আলোচনা হয়নি। মূলত নতুন কর্মসূচির মূল ভিত্তি তৈরি নিয়ে কথা হয়েছে। পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনার টেবিলে সকল বিষয়গুলো আসবে। এই আলোচনা একটি চলমান প্রক্রিয়া বলে অর্থমন্ত্রী তুলে ধরে বলেন, আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক সভায় এ বিষয়ে পরবর্তী আলোচনা হবে। বর্তমান সরকারের সংস্কারমুখী পারফরম্যান্সে আইএমএফ সন্তুষ্ট এবং এই ভিত্তির ওপর দাঁড়িয়েই আগামী দিনের নতুন প্রোগ্রাম চূড়ান্ত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধজনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না