রাত ৮টায় বন্ধের সূচিতে ফিরছে দোকানপাট

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

দুর্গাপূজার পর আবার আগের সময়সূচিতে ফিরছে রাজধানীর বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট। শুক্রবার থেকে রাত ৮টার পরে বন্ধ রাখতে হবে। দুর্গাপূজা উপলক্ষে বিশেষ বিবেচনায় সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব স্থাপনা খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। গেল ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা দোকান মালিক সমিতিকে সরকারের এ সিদ্ধান্ত জানায়। নতুন সময়সূচি কার্যকর করতে দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ। খবর বিডিনিউজের।

বিদ্যুৎ বিভাগের চিঠিতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১ থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। ২৩ অক্টোবর থেকে পূর্বের সময়সূচি (সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত) বহাল থাকবে। গত বৃহস্পতিবার সেই সময়সূচির মেয়াদ শেষ হয়েছে। ফলে আগের সময়সূচি কার্যকর হয়েছে। সে অনুযায়ী রাজধানীর বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট শুক্রবার থেকে বেলা ১১টায় খুলে রাত ৮টায় বন্ধ হবে। বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনার অংশ হিসেবে চলতি বছর কয়েক দফায় দোকানপাট খোলার সময় পরিবর্তন করেছে সরকার।

গত ১২ আগস্ট বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় রাত ৯টা থেকে কমিয়ে রাত ৮টা করে সরকার। তখন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার সময় নির্ধারণ করা হয়। ওই সিদ্ধান্তে মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে বলা হয়। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধহামের উপসর্গ চট্টগ্রামে আরো দুই শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধদত্তক নিতে শতাধিক পরিবারের আবেদন