রাজার দোষে শাস্তি পেলেন শাহিন আফ্রিদি

| বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

পাকিস্তান সুপার লিগে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও বিদেশি তারকা সিকান্দার রাজার ওপর এসেছে প্রটোকল ভাঙার অভিযোগ। মূলত অনুমতি ছাড়াই টিম হোটেলে চারজন বহিরাগতকে মধ্যরাতে খেলোয়াড়দের ফ্লোরে নিয়ে যান তারা। দুজনের ওপর অভিযোগ উঠলেও পরে জিম্বাবুয়ের ব্যাটার সাংবাদিকদের জানান, এই ঘটনায় শাহিন নির্দোষ। তার কোনো সম্পৃক্ততা নেই। ওই চার ব্যক্তি ছিল রাজার আত্মীয়। রাজা কোনো প্রকার শাহিনের দোষ না দেখলেও শাস্তি পেলেন লাহোর অধিনায়ক। লাহোর কালান্দার্স এক বিবৃতিতে জানিয়েছে, শৃঙ্খলা বজায় রাখা ও জবাবদিহিতা নিশ্চিতে তারা তাদের অধিনায়ককে জরিমানা করেছে। ১০ লাখ পাকিস্তানি রুপি দিতে হবে শাহিনকে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে চার লাখ টাকা। একই প্রোটোকল ভাঙার দায়ে রাজাকে পুলিশ অভিযুক্ত করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ফ্র্যাঞ্চাইজি। পাঞ্জাব পুলিশের ডেপুটি ইন্সপেক্টরের স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, গত শনিবার রাতে রাজার ঘনিষ্ঠ চারজনকে খেলোয়াড়দের কক্ষে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। তবে পিসিবির নিরাপত্তা ব্যবস্থাপক ও পিএসএলের প্রধান নির্বাহী দু’দফা সেই অনুরোধ নাকচ করেন নিরাপত্তার কারণ দেখিয়ে। তবুও অভিযোগ রয়েছে, শাহিন ও রাজা নিরাপত্তাকর্মীদের আপত্তি অগ্রাহ্য করে ওই চারজনকে জোর করে হোটেলের কক্ষে প্রবেশ করান, যেখানে তারা প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। এদিকে, কালান্দার্স কর্তৃপক্ষ ঘটনাটির কিছু দিক স্বীকার করলেও দাবি করেছে, বিষয়টি বাস্তবতার চেয়ে অনেক বেশি বাড়িয়ে উপস্থাপন করা হয়েছে। তাদের মতে, পুরো ঘটনাকে প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে অপ্রয়োজনীয়ভাবে গুরুতর আকার দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশীর্ষে জর্জিয়া ভল ও অ্যামেলিয়া কার
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডের বিপক্ষে নামছে আজ বাংলাদেশ