রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতা লিটু লাইফ সাপোর্টে

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত যুবলীগ নেতা সেকান্দার হোসেন লিটুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এরআগে শুক্রবার তার একটি সফল অপারেশন করা হলেও এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন লিটুর চিকিৎসার এই সর্বশেষ অবস্থার তথ্য শনিবার রাতে নিশ্চিত করেছে হাসপাতাল কতৃপক্ষ। আহত যুবলীগ নেতা লিটু রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং উপজেলার হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. দানু মিঞার ছেলে। সন্তানের সুস্থতা কামনায় তিনি সকলের দোয়া চেয়েছেন। স্থানীয় সূত্র জানায়, গত বুধবার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেল চালিয়ে নিশ্চিন্তাপুরে নিজ বাড়ি ফিরছিলো লিটু। ফেরার পথে চট্টগ্রামকাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা জুমপাড়া সাবস্টেশন এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি টমটম গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী লিটু ও তার সহযাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নেয়া হয়। লিটুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। লিটুর আঘাত মাথায় হওয়ায় ভর্তির পর থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধশুভেচ্ছা সফরে ফ্রান্সের নৌবাহিনীর জাহাজ চট্টগ্রাম বন্দরে
পরবর্তী নিবন্ধঈদের খুশি ছড়িয়ে দিতে লায়ন ইমরানের অনন্য আয়োজন