রাঙ্গুনিয়া পৌরসভা এলাকায় বালতির পানিতে পড়ে মো. ওয়াজিহান নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার ইছাখালী ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওয়াজিহান জনতা ব্যাংক রাউজান জলিল নগর শাখার ব্যবস্থাপক শাহ আলমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১টার দিকে ওয়াজিহানকে গোসল করিয়ে তার মা গৃহস্থালি কাজে রান্নাঘরে যান। এ সময় শিশুটি সবার অগোচরে বাড়ির ছাদে চলে যায়। সেখানে একটি বালতিতে জমিয়ে রাখা পানিতে খেলতে গিয়ে সে উপুড় হয়ে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে বালতির ভেতর নিথর অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকেল ৫টায় উপজেলা সদরের ঈদগাহ মাঠে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়েছে।













