রাঙ্গুনিয়ায় চাচা ও চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত, আটক দুই

পানি ও পয়োবর্জ্য নিষ্কাশন নিয়ে বিতণ্ডা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার পদুয়ায় শৌচাগারের ময়লা ও বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে চাচা ও চাচাতো ভাইদের হামলায় মো. ওবায়দুল (৩৬) নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল রোববার দুপুর দুইটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাপিত পুকুরিয়া ব্রিজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুল ওই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।

হত্যাকাণ্ডের পর স্থানীয়রা ধাওয়া করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের চাচা বুদরুচ মিয়া ও চাচাতো ভাই ইমরানকে (প্রকাশ বাচা ড্রাইভার) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বুদরুচ মিয়া বারি শৌচাগারের ময়লা ও বৃষ্টির পানি ছাড়লে বিষয়টির প্রতিবাদ করেন ওবায়দুল। এ নিয়ে ওবায়দুলের সঙ্গে তার চাচা ও চাচাতো ভাইদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচা ও চাচাতো ভাইয়েরা মিলে ওবায়দুলের ওপর হামলা চালায় এবং কাঠের শক্ত বাটাম দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতের ভাই মো. শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন, চাচাদের বাড়ির শৌচাগারের ময়লা ও বৃষ্টির পানি আমাদের দিকে ছাড়ার পর প্রতিবাদ করায় সবাই মিলে আমার ভাইয়ের ওপর পরিকল্পিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমরিন খসরু জানান, ওবায়দুলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যায়। স্থানীয়দের সহায়তায় ঘটনার মূল দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআর মাত্র দুটি ম্যাচ : আলভারেস
পরবর্তী নিবন্ধমায়ের সামনেই বানের পানিতে তলিয়ে গেল ছেলে