রাঙ্গুনিয়ায় ঈদের পরদিন নিজ ঘরে বিএনপি নেতা গুলিবিদ্ধ, আহত বাবা-মা

মানববন্ধন ও বিক্ষোভ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী ওসমান গনির বাড়িতে ঈদের পরদিন গত রোববার সশস্ত্র হামলা হয়েছে। হামলায় প্রকৌশলী ওসমান গনির পাশাপাশি তার বৃদ্ধা মা গুলিবিদ্ধ হন। এছাড়া মারধরে আহত হন তার পিতাও। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার সকালে ইউনিয়নের ইত্যাদি চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খায়রুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, সাবেক সভাপতি নবাব মিয়া চেয়ারম্যান, উত্তরজেলা যুবদলের সদস্য সচিব এস এ মুরাদ চৌধুরী, বিএনপি নেতা সৈয়দ নুর সওদাগর, আলমগীর চেয়ারম্যান, নুরুল আবছার মেম্বার, নাসিম উদ্দিন সিকদার, খালেদ হোসেন চৌধুরী রাসেল, দিদারুল আলম দিদার ও মো. জাহেদ।

উল্লেখ্য, গত রোববার (২২ মার্চ) রাত ৮টা ১০ মিনিটের দিকে সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়িতে তিনচার জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ হামলা চালায়। হামলায় প্রকৌশলী ওসমান গনির পেটে ও হাতে গুলি লাগে এবং হাত ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাননি তার বৃদ্ধা মা আছিয়া বেগমও (৭০)। তিনি পায়ে গুলিবিদ্ধ হন। এছাড়া ওসমান গনির বাবা রশিদ আহমদকেও মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। আহতদের উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওসমান গনিকে দ্রুত নগরীতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। স্বজনরা জানান, ওসমানের একটি হাত চিকিৎসকরা কেটে বাদ দিতে চেয়েছিলেন। তবে উন্নত চিকিৎসার মাধ্যমে তা রক্ষার চেষ্টা চলছে। তার মা ও বাবা বর্তমানে আশঙ্কামুক্ত।

এদিকে বিএনপি নেতার বাড়িতে হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্‌) সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার অঙ্গীকার করেছে প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, প্রধান আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসংকট থেকে উত্তরণে অনেক রিফর্ম দরকার : অর্থমন্ত্রী