দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ জাহেদ (৩৭) গ্রেফতার হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সরফভাটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার বসতঘরে তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ৯টি কার্তুজ এবং বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার জাহেদ পশ্চিম সরফভাটা নারায়ণনগর এলাকার মৃত আবদুস শহীদের ছেলে।
পুলিশ জানায়, আটককৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত ছিল। ঘটনাস্থলে আরও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহেদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহেদ এলাকায় চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়াসহ বিভিন্ন থানায় মারামারি ও চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় জাহেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।











