রাঙ্গুনিয়ার পারুয়ায় হঠাৎ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দশটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুহূর্তেই থমকে গেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবিকা। অনিশ্চয়তার মুখে পড়া এসব অসহায় ব্যবসায়ীর পাশে দাঁড়াতে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছেন রাঙ্গুনিয়া–৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি পারুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাঁদের কষ্টের কথা শোনেন এবং সামগ্রিক পরিস্থিতির খোঁজখবর নেন। আকস্মিক এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে তাৎক্ষণিকভাবে নগদ আর্থিক সহায়তা তুলে দেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। পাশাপাশি, এ দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার এবং পুনর্বাসনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে কেবল দোকানপাটই ভস্মীভূত হয়নি, বরং ধ্বংস হয়ে গেছে ব্যবসায়ীদের দীর্ঘদিনের সঞ্চয় ও জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। চরম এই বিপর্যয়ের পরপরই স্থানীয় সংসদ সদস্যের এমন মানবিক উদ্যোগকে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা স্বাগত জানান। পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।












