রাঙ্গুনিয়াকে একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে সকল পক্ষের সমন্বিত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি বলেন, অবহেলিত এই জনপদের অগ্রযাত্রায় সকলের অংশগ্রহণ প্রয়োজন। আমাদের লক্ষ্য রাঙ্গুনিয়াকে একটি আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা।
গত মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মূলত উপজেলার হতদরিদ্রদের মাঝে আর্থিক অনুদান ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের জাকাত তহবিল থেকে ৪০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া চলাচলে অক্ষম ৫ জন প্রতিবন্ধীকে একটি করে হুইলচেয়ার দেওয়া হয়।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হুমাম কাদের চৌধুরীর সহধর্মিণী সামানজার খান। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রধান অতিথি সুবিধাভোগীদের হাতে নগদ টাকা ও হুইলচেয়ার তুলে দেন।











