রাঙামাটিতে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৫১ পূর্বাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার একটি হত্যা মামলার একমাত্র আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই আদেশে জরিমানার টাকা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। গতকাল বুধবার দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি জমর কান্তি চাকমা (৩২) জেলার ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়নের সাক্রাছড়িমুখ গ্রামের চিগোনকালা চাকমার ছেলে। জেলা ও দায়রা জজ আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি বিলাইছড়ি উপজেলার ধুপশীল ফরেস্ট অফিসের কাছাকাছি রাইক্ষ্যাং নদীর পাড়ে মাছ শিকারের জাল সেলাইয়ের সময় মামলার বাদী মো. আরিফ ও নিহত ভিকটিম আব্দুর শুক্কুরসহ (৮৬) কয়েকজন জেলের সঙ্গে আসামি জমর কান্তি চাকমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জমর কান্তি চাকমা আব্দুর শুক্কুরকে মাটিতে ফেলে গলা টিপে শ্বাসরোধ করে ফেলে। এরপর আব্দুর শুক্কুরকে উদ্ধারের পর সে বুকে ব্যথা অনুভব করে এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সেখান থেকে তাকে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই রাতেই বিলাইছড়ি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় জেলা ও দায়রা জজ আদালত আসামির যাবজ্জীবন সাজা দিয়েছেন। সাজা ঘোষণার সময় আসামি কারাগারে ছিল। রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. জয়নাল আবেদীন আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার বিলাইছড়ি উপজেলায় ২০২০ সালের একটি হত্যা মামলায় একমাত্র আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআমানত ও সততার প্রশ্নে আপসহীন থাকব : অধ্যক্ষ হেলালী
পরবর্তী নিবন্ধঐক্যবদ্ধ বিএনপির বিজয় হবে