রাঙামাটিতে চুলার আগুনে পুড়ল ২০ দোকান

রাঙামাটি প্রতিনিধিধ | শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:২৭ পূর্বাহ্ণ

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে ২০টির অধিক দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার দুমদুম্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গবছড়ি বাজারে এ ঘটনা ঘটে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য যুদ্ধ মনি চাকমা জানান, চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। বাজারের দোকানগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। কেউ কোনো মালামাল রক্ষা করতে পারেনি।

দুমদুম্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শান্তি রাজ চাকমা বলেন, বেলা ১১টা ১৫ মিনিটে গবছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই এলাকায় নেটওয়ার্ক না থাকার কারণে আমি খবর পেয়েছি বিকাল ৩টার পরে। আগুনে প্রায় ২০টির অধিক দোকান পুড়ে গেছে বলে জানতে পেরেছি। সব মিলিয়ে প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় তাৎক্ষণিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে
পরবর্তী নিবন্ধরাস্তা পার হচ্ছিলেন যুবক, প্রাইভেট কারের ধাক্কায় মৃত্যু