চিকিৎসা সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে রাঙামাটি জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুদক। গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানের নেতৃত্বে ছিলেন দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপ–সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও সহকারী পরিদর্শক সাদেক আহমেদ। অভিযানের সময় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খানও উপস্থিত ছিলেন।
দুদক সূত্র জানায়, অভিযানকালে প্রথমে ছদ্মবেশে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আগত রোগীদের সঙ্গে কথা বলে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সেবার মান, সরবরাহকৃত ওষুধ এবং খাবারের মান সম্পর্কে তথ্য সংগ্রহ করে দুদক টিম। পরবর্তীতে হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্টোর রুম, ওষুধ বিতরণ ব্যবস্থা এবং রান্নাঘর সরেজমিনে পরিদর্শন করেন তারা। ‘অভিযানের সময় দুদক কর্মকর্তারা উপস্থিত রোগী ও রোগীদের অ্যাটেন্ডেন্টদের সঙ্গে কথা বলে জানতে পারেন, প্রেসক্রিপশনে উল্লিখিত সব ওষুধ পাচ্ছে না। পরিদর্শনকালে হাসপাতালের আশেপাশে কয়েকটি দালাল চক্রের উপস্থিতির তথ্য পাওয়া যায়, যারা পার্শ্ববর্তী বেসরকারি ক্লিনিকে রোগী সরবরাহে জড়িত। হাসপাতালের ঔষধের স্টক ও বিতরণ সংক্রান্ত রেজিস্টার সংগ্রহ করা হয়।’
দুদক আরও জানায়, পরিদর্শনকালে দেখা যায়–রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান, বিশেষ করে মাংসের পরিমাণ কম এবং দুপুর ও রাতের খাবার রান্না করা হয়, তবে স্বাস্থ্যসম্মত নয়। ওয়ার্ডে সরবরাহকৃত বেডশিট অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। অ্যাম্বুলেন্সের লগ বই সংগ্রহ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দুদক রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদ কালাম বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে বেশকিছু অনিয়মের সত্যতা পাওয়া গিয়েছে। এ ব্যাপারে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবেন।











