রাউজানে ১৬৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬৮ হাজার টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে স্থানীয় জনসাধারণের দাবি, ইয়াবাসহ ওই দুই ব্যক্তিকে তারা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। গত সোমবার দিবাগত রাতে উপজেলার ডাবুয়া ইউনিয়নের সেবাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ইয়াছিননগর এলাকার বাসিন্দা মো. রাশেদুল আলম ওরফে কেবি (৪৫) ও মোজাহারুল ইসলাম ওরফে বাবু (২৫)।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ডাবুয়া ইউনিয়নের সেবাখোলা এলাকার একটি দোকানের পাশ থেকে ইয়াবা ও টাকাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে হলদিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারাই ওই দুই ব্যক্তিকে ইয়াবাসহ ধরে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।









