রাউজান সাংবাদিক পরিষদ চট্টগ্রামের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা আজ বুধবার। নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সন্ধ্যা সাড়ে ৭টায় এ উপলক্ষে বসবে চট্টগ্রামের সাংবাদিকদের মিলনমেলা। এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক ও দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী। মোহাং মনজুর কাদের, সাইদুল ইসলাম, আল রাহমান ও খোরশেদুল আলম শামীমকে সংবর্ধনা দেওয়া হবে।
অনুষ্ঠানসূচিতে থাকছে আলোচনা, সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেজবান ইত্যাদি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য রাউজান সাংবাদিক পরিষদ চট্টগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খান, অভিষেক ও সংবর্ধনা উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলী ও সদস্য সচিব সৈয়দ আলমগীর সবুজ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












