রাইজিং স্টার ও রাইজিং জুনিয়র সেমিফাইনালে

সিসিএস ক্লাব কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ক্লাব কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ৫ম রাউন্ড শেষে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে রাইজিং স্টার ক্লাব এবং রাইজিং স্টার জুনিয়র। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় শতদল ক্লাব ৫ উইকেটে রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে। তবে রানরেটে পিছিয়ে পড়ে সমান পয়েন্ট থাকা সত্ত্বেও শতদলের সেমিফাইনালে উঠা সম্ভব হয়নি। রাইজিং স্টার ক্লাব ১ম দল হিসাবে সেমিফাইনালে উঠে। টসে জিতে রাইজিং স্টার ক্লাব প্রথমে ব্যাট করে ২০ ওভার খেলে ৮ উইকেটে ১২৯ রান করে। দলের আসাদুর রহমান সর্বোচ্চ অপরাজিত ৫৩ ৪৩ বল খেলে। এছাড়া এস এম ইরফান ২০ এবং সাজ্জাদুল হক রিপন ১৫ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২১ রান। শতদল ক্লাবের রবিউল হাসান অনিক ১৫ রানে ও তানজিব মাহাবুব নাবিল ৪৮ রানে ২টি করে উইকেট লাভ করেন। জবাবে শতদল ক্লাব ১৯ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৩০রান করে। দলের পক্ষে তানজিব মাহাবুব নাবিল ২৯ বলে ৪০ রান করেন। এছাড়া সাব্বির হোসেন ২৭, আবিদ মো. চৌধুরী আলবি ২৪, সাইদুল ১৪ এবং অনিক অপরাজিত ১৩ রান করেন। বল হাতে রাইজিং স্টার ক্লাবের আবু নাসের আল ফয়সল ২৩ রানে ২ উইকেট লাভ করেন। প্লেয়ার অব দ্যা ম্যাচ হন শতদল ক্লাবের তানজিব মাহাবুব নাবিল। তিনি ২৯ বলে ৪০ রান ও ৪৮ রানে ২ উইকেট নেন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ বাবুল ও লিটন বড়ুয়া। দিনের দ্বিতীয় খেলায় শহীদ শাহজাহান সংঘকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে রাইজিং স্টার জুনিয়র। রাইজিং জুনিয়র ৩১ রানে শহীদ শাহজাহান সংঘকে পরাজিত করে। শাহজাহান সংঘ চার খেলার চারটিতেই পরাজিত হয়েছে। টসে জিতে রাইজিং স্টার জুনিয়র প্রথমে ব্যাট করে। তারা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। দলের হয়ে সাবেদুল ইসলাম অপরাজিত ৩৪ এবং ইশতিয়াক বিন ইদ্রিস অপরাজিত ২৯ রান করেন। মিনহাজ সাকিব করেন ২৩ রান। শহীদ শাহজাহান সংঘের পক্ষে ২টি উইকেট লাভ করে মাজহারুল ইসলাম। শহীদ শাহজাহান সংঘ জবাব দিতে নেমে ১৮.২ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে ইসরারুর রহমান ২৪,রহমান সৈকত ১৬ রান করেন। রাইজিং স্টার জুনিয়রের মিনহাজ নূর,সাবেদুল ইসলাম এবং মিনহাজ সাকিব প্রত্যেকে ২টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্যা ম্যাচ হন রাইজিং স্টার জুনিয়রের সাবেদুল ইসলাম। তিনি ১৯ বলে ৩৪ রান ও ১১ রানে ২ উইকেট পান। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর জসীম আহমেদ ও মোহাম্মদ ইউনুছ চৌধুরী। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি ৩ উইকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। নিজেদের তৃতীয় ম্যাচে এটা মোহামেডানের প্রথম পরাজয়। এদিন টসে জিতে বন্দর প্রথমে ব্যাট করতে পাঠায় মোহামেডানকে। তারা ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান করে। জবাবে বন্দর ১৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে নেয়। প্লেয়ার অব দ্যা ম্যাচ হন বন্দর ক্রীড়া সমিতির শাহাদাত হোসেন বাবু।

তিনি ৩২ বলে ৫০ রান ও ২০ রানে ১ উইকেট লাভ করেন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সিজেকেএস কাউন্সিলর ফয়সল বিন ফিরোজ ও আদিল কবির। অপর খেলায় চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ ৮ উইকেটে ইস্পাহানি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। টসে জিতে ইস্পাহানি স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১০২ রানে সবাই আউট হয়ে যায়। জবাবে সিটি করপোরেশন একাদশ ১২.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৭ রানে পৌঁছে যায়। প্লেয়ার অব দ্যা ম্যাচ হন সিটি কর্পোরেশন একাদশের শামশুউদ্দীন বাপ্পা। তিনি ৪২ বলে অপরাজিত ৭২ রান ও ২৮ রানে ২ উইকেট উইকেট লাভ করেন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মনসুর আলম ও সাইফুল আলম খান।

পূর্ববর্তী নিবন্ধইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেটের ফাইনালে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধনীহার লিখনের ‘তাকে আর খুঁজি নাই’