যে ফুটবলারের রেকর্ড ভাঙতে পারলেন না মেসি-রোনালদো

| মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

রেকর্ড ষষ্ঠ ফিফা বিশ্বকাপে গোল করে অনন্য এক ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসিও ৩৯ বছর বয়সে জালের দেখা পেয়ে নিজের জাত চিনিয়েছেন। কিন্তু এত অর্জনের পরও ফুটবল বিশ্বের এই দুই মহাতারকার মনে একটা আক্ষেপ রয়েই গেছে। বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক গোলদাতার মুকুটটি যে এখনও তাদের ধরাছোঁয়ার বাইরে! এই রেকর্ড ভাঙতে কি তবে ২০৩০ সালের বিশ্বকাপেও দেখা যাবে তাদের? এবারের আসরে পর্তুগালের হয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে গোল করে দলের ডেডলক ভাঙেন রোনালদো।

সেই সঙ্গে ৪১ বছর ১৩৮ দিন বয়সে গোল করে টুর্নামেন্টের ইতিহাসের দ্বিতীয় বয়স্ক গোলদাতা হিসেবে নিজের নাম লেখান তিনি। তবে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা এখনও সর্বকালের বয়স্ক গোলদাতার তালিকায় ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলার পেছনেই রয়েছেন। ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেছিলেন রজার মিলা। তবে ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে ৩৮ বছর বয়সে চারটি গোল করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পান তিনি। তার সেই জাদুকরী পারফরম্যান্সেই প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ক্যামেরুনের ‘অদম্য সিংহ’রা। গোল করার পর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে তার সেই বিখ্যাত নাচ তো রীতিমতো ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছিল।

এর চার বছর পর, ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপেও গোল পান মিলা। রাশিয়ার বিপক্ষে আট গজ দূর থেকে বল জালে জড়ান তিনি। সেই বিখ্যাত কর্নার ফ্ল্যাগ ড্যান্সও ফিরে আসে। যদিও সে ম্যাচে ক্যামেরুন ৬১ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল, তবুও ৪২ বছর বয়সে গোল করে রেকর্ডটি নিজের করে নেন এই কিংবদন্তি। তবে একটা জায়গায় রোনালদো বেশ তৃপ্তি পেতেই পারেন! এই তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে তিন থেকে চার নম্বরে নামিয়ে দিয়েছেন তিনি।

এর আগে ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের দিন ৩৮ বছর ৩৬৩ দিন বয়সে গোল করে তালিকায় তিন নম্বরে উঠে এসেছিলেন মেসি। এরপর অবশ্য দুজনেই নিজেদের ব্যক্তিগত রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন। স্পেনের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার আগে, শেষ বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। অন্যদিকে, এবারের আসরে জর্ডান, কেপ ভার্দে এবং মিসরের বিপক্ষেও জালের দেখা পেয়েছেন মেসি। সব মিলিয়ে এই টুর্নামেন্টে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে।

এবারের বিশ্বকাপে বয়স্ক গোলদাতার শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড ইভান পেরিসিচ এবং অস্ট্রিয়ার মার্কো আরনাউতোভিচ। দুজনেরই বয়স বর্তমানে ৩৭ বছর। ৩ জুলাই পর্তুগালের বিপক্ষে পেরিসিচের গোলটি তাকে সর্বকালের তালিকায় সপ্তম স্থানে তুলে আনে। ফলে আলজেরিয়ার বিপক্ষে গোল করা আরনাউতোভিচ নেমে যান নবম স্থানে। সব মিলিয়ে রজার মিলার শীর্ষস্থান আপাতত বেশ সুরক্ষিতই মনে হচ্ছে। তবে ২০৩০ বিশ্বকাপের আসর বসবে খোদ পর্তুগাল ও আর্জেন্টিনায়। নিজেদের ঘরের মাঠে খেলার টানে রোনালদো বা মেসি যদি আরও একটি বিশ্বকাপ খেলার রোমাঞ্চকর সিদ্ধান্ত নিয়েই ফেলেন, তবে হয়তো মিলার এই রেকর্ড ভাঙলেও ভাঙতে পারে!

পূর্ববর্তী নিবন্ধবেলিংহ্যামের মাঝে জিদানকে দেখেন সাবেক ইংলিশ অধিনায়ক
পরবর্তী নিবন্ধফ্রান্স-স্পেন সেমিফাইনালের রেফারি কে এই ইভান বার্টন?