যুবদলকর্মীর হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় সন্ত্রাসী তুহিন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৭:১৮ পূর্বাহ্ণ

আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে যুবদলকর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় দুর্ধর্ষ সন্ত্রাসী ও ১৮ মামলার আসামি সৈয়দ মো. তুহিন (৩৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে পটিয়া থানার আমিরভান্ডার এলাকা থেকে সন্ত্রাসী সৈয়দ মো. তুহিনকে গ্রেপ্তার করা হয়। তুহিন নগরীর কোতোয়ালী থানাধীন বদর আউলিয়া মাজার সংলগ্ন ২৪নং বদরপাতি লেইনের খাদেম বাড়ির মৃত সৈয়দ প্রকাশ সৈয়দ মো. জামান প্রকাশ ছৈয়দুজ্জামান প্রকাশ মো. জামাল ফকিরের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গত ৬ এপ্রিল সংঘবদ্ধ হামলায় এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তুহিনের বিরুদ্ধে দন্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। এছাড়া তুহিনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ২০১৫ সাল থেকে ১৮টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে অস্ত্র আইনে একাধিক মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং দন্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলাও অন্তর্ভুক্ত। গ্রেপ্তারের পর তুহিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ৬ এপ্রিল দক্ষিণ বাকলিয়ার বউবাজার এলাকায় মিনহাজ উদ্দিন নামে এক যুবদল কর্মী আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় নগরীর বলুয়ার দীঘির পাড় এলাকায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার হাতের কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ওই সময় গুরুতর আহত অবস্থায় মিনহাজ উদ্দিনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দেবে গিয়ে বড় গর্ত প্রবর্তক মোড়ে যান চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধবগুড়া-শেরপুরের দুই আসনে বিপুল ভোটে ধানের শীষ জয়ী