যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা করতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

| শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

ইরানকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য রাশিয়া গোয়েন্দা তথ্য দিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা। সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান কোথায়এমন তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে রাশিয়া।

খবরে বলা হয়েছে, রাশিয়া ঠিক কতটা সহায়তা ইরানকে করছে তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্রের বাহিনীর অবস্থান খুঁজে বের করার ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনীর নিজস্ব সক্ষমতা কমে গেছে। যুদ্ধ শুরুর পর থেকেই তা বেড়েছে। ইরান পাল্টা হামলা চালিয়ে আসছে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদেরকে অর্থনৈতিকভাবে চড়া মূল্য দেওয়ানোর চেষ্টা নেওয়ায় প্রতিবেশী দেশগুলো ফাঁদে পড়েছে। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কুয়েতে নিহত তাদের ৬ রিজার্ভ সেনাকে শনাক্ত করেছে। শুয়াইবা বন্দরে ড্রোন হামলায় এই মার্কিন সেনারা নিহত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, এই সংঘাতে আরও মার্কিন সেনা মারা যেতে পারে।

হোয়াইট হাউজের মুখপাত্র ইরানকে রাশিয়ার সহায়তার এই অভিযোগের বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে বলেন, ইরানি শাসকগোষ্ঠী পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা দিন দিনই কমছে। তাদের নৌবাহিনী গুঁড়িয়ে যাচ্ছে। তাদের উৎপাদন ক্ষমতা ভেঙে পড়ছে। আর তাদের ছায়াগোষ্ঠীগুলোও লড়াইয়ে এঁটে উঠছে না বললেই চলে।

ক্রেমলিন গতকাল শুক্রবার বলেছে, ইরানের নেতাদের প্রতিনিধিদের সঙ্গে রাশিয়া আলোচনা চালাচ্ছে। তবে মস্কো তেহরানকে সহায়তা করছে কিনাসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ক্রেমলিন বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেইন যুদ্ধে কিইভকে দেওয়া মার্কিন গোয়েন্দা সহায়তার জবাব দিতেই রাশিয়া এখন ইরানকে বেছে নিয়েছে। ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে রাশিয়া ‘প্রতিশোধ’ নিতে পেরে খুশি বলেই মনে হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধএক ঘণ্টায় প্রায় ট্রেনের সব টিকিট শেষ
পরবর্তী নিবন্ধযানবাহনে তেল বিক্রির সীমা নির্ধারণ