যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরও ৩০ দেশে চলছে ইরানের বিমান

| বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:০১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞায় ইরানের বিমান চলাচল খাতে বড় ধাক্কা লেগেছে। তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এলেও এখনো চীন, রাশিয়া ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে বিমান চালু রয়েছে। ফলে মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের আকাশপথ পুরোপুরি বিচ্ছিন্ন করার উদ্যোগ কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। খবর বাংলানিউজের।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের শুরুতে ইরানের পুরো বিমান চলাচল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে বিদেশি কোম্পানিগুলোকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা মেনে চলার সময়সীমা দেওয়া হয়। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তখন বলেছিলেন, এই পদক্ষেপের লক্ষ্য ইরানকে অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ করা। বেসেন্ট আরও হুঁশিয়ারি দিয়েছিলেন, বিশ্বের যেকোনো জায়গায় ইরানের সব বিমান সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

তার ভাষায়, কোনো বিমানবন্দরে ইরানের বিমান অবতরণ করলে সেটিকে জ্বালানি, অবতরণ–সংক্রান্ত সেবা বা টিকিট বিক্রির সুবিধা দেওয়া যাবে না। এসব সেবা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যা দিয়ে তেহরান সোমবার জাতিসংঘ ও আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ করার কথা জানিয়েছে। একইসঙ্গে ইরানের দাবি, নিষেধাজ্ঞার মধ্যেও শুধু তেহরান থেকেই ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালিত হচ্ছে। ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, গত রোববার তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৪১টি ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলকে আর কোনো মার্কিন সামরিক সহায়তা নয় : বার্নি স্যান্ডার্স
পরবর্তী নিবন্ধমিয়ানমারের ১,৪৭৬ আশ্রয়প্রার্থীর প্রত্যাবাসন শুরু করেছে মালয়েশিয়া