চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, যারা দীর্ঘদিন ধরে বিএনপি নেতা–কর্মী ও সমর্থকদের ওপর নির্যাতন চালিয়েছে, তারা এখন দেশের বাইরে অবস্থান করছে। তিনি দাবি করেন, এ কারণে রাঙ্গুনিয়ায় শান্তি ফিরেছে। তিনি গতকাল রোববার রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড মোহাম্মদপুর এলাকায় আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন। বৈঠকে স্থানীয় নেতা–কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। হুমাম কাদের চৌধুরী বলেন, যারা এত বছর ধরে নির্যাতন করেছে, তাদের ভোট আমার লাগবে না। যারা নির্যাতন করেছিল, তারা এখন দিল্লীতে বসবাস করে। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন শাহ। প্রধান বক্তা ছিলেন হুমাম কাদের চৌধুরীর সহধর্মীনি সামাজার খান। যুবদল নেতা মাসুদ রানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক মাহবুব ছাফা, যুগ্ম আহবায়ক আবদুল শুক্কুর, যুবদল নেতা নিজাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মোরশেদ আলম, তারেক, মাহবুব ও আনোয়ার।










