কক্সবাজারের মহেশখালী ও টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবা এবং মিয়ানমারে পাচারকালে ৬টি ডিজেল ইঞ্জিন ও ইঞ্জিনের সরঞ্জমাদি জব্দ করেছে। গতকাল সোমবার ৭ সেপ্টেম্বর বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল ভোর ৪টায় মহেশখালী থানাধীন ছেড়াদ্বীয়া দ্বীপ সলংগ্ন সমুদ্র এলাকায় কোস্টগার্ড স্টেশন কক্সবাজার ও কোস্টগার্ড স্টেশন মহেশখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৭ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৫টি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ও ইঞ্জিনের অন্যান্য সরঞ্জামাদিসহ বোটটি জব্দ করা হয়। এ সময় পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরদিকে, গতকাল সকাল ৯টায় কক্সবাজারের টেকনাফ থানাধীন নাজিরপাড়া এলাকায় নাফ নদীতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় পাচারের উদ্দেশ্যে জালের ফ্লোটিং বয়ার সাথে বাঁধা ভাসমান অবস্থায় একটি সাদা প্যাকেটে মোড়ানো প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, সামপ্রতিক সময়ে চট্টগ্রাম কক্সবাজারের বেশ কিছু পাচারকারী সিন্ডিকেট সাগর পথ ব্যবহার করে মিয়ানমারে প্রচুর পরিমাণে ইউরিয়া সার, সিমেন্ট, ডিজেল ও নতুন ইঞ্জিন পাচার করে আসছে। বাংলাদেশি এসব মূল্যবান পণ্য নিয়ে গিয়ে তারা ফিরে আসার সময় নিয়ে আসছে বিপুল পরিমাণ ইয়াবাসহ নানা রকম মাদকদ্রব্য। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় চট্টগ্রামের পতেঙ্গা, মহেশখালী, কঙবাজার ও টেকনাফ এলাকায় প্রচুর পরিমাণে অবৈধ মালামাল জব্দ করা হলেও অবৈধ মালামাল ও মাদকদ্রব্য পাচার বন্ধ করা যাচ্ছে না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে উপকূলবাসী।












