যশোরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণ রক্ষা অর্ধশতাধিক যাত্রীর

| শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৯:০১ পূর্বাহ্ণ

যশোর সদরে যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী দ্রুত নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মালামালসহ বাসটি ছাই হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে থেকে যশোরঢাকা মহাসড়কে উপজেলার ফতেপুর দাইতলা সেতুর কাছে এ ঘটনা ঘটে। ‘নড়াইল এক্সপ্রেসের’ বাসটি যশোর শহর থেকে ঢাকায় যাচ্ছিল। খবর বিডিনিউজের।

খবর পেয়ে যশোর ও বাঘারপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় বলে জানান যশোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুজিবুর রহমান।

বাসযাত্রী হোসাইন বলছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর আগেই পুরো বাসটি পুড়ে যায়। দাইতলা এলাকার লোকজন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে বিপুল যানবাহন দাঁড়িয়ে যায়। প্রায় দুই ঘণ্টা সড়কটিতে যানজট ছিল।

ওই বাসের যাত্রী সুকান্ত বলেন, ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের বাসটি শহরের মণিহার কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কিছুদূর যাওয়ার পর ফতেপুর দাইতলা এলাকায় ইঞ্জিনে আগুন ধরে গেলে চালক দ্রুত বাসটি থামিয়ে দেন। এ সময় যাত্রীরা তড়িঘড়ি নেমে পড়েন। সব যাত্রী বাস থেকে নিরাপদে নামতে পেরেছেন, তবে সবার মালামাল আগুনে পুড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধঅর্থঋণ মামলায় নগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধইরানে স্থলযুদ্ধের প্রস্তুতি, স্বেচ্ছায় সেনায় ১০ লাখ তরুণ