প্রয়াত স্বজনদের স্মরণ, আত্মার শান্তি ও চিরমুক্তি কামনায় এক বিশেষ ধর্মীয় আবহে পালিত হয়েছে খ্রিষ্টান সমপ্রদায়ের ‘অল সোলস ডে’ বা প্রয়াত আত্মাদের স্মরণ দিবস। গতকাল সোমবার নগরীর পাথরঘাটা ক্যাথলিক গির্জা ও নগরের বিভিন্ন খ্রিষ্টান কবরস্থানে দিনটি উপলক্ষে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। পাথরঘাটার ক্যাথেড্রাল অব আওয়ার লেডি অব দ্য হোলি রোজারি এবং বাশার মার্কেট রোডের খ্রিষ্টান কবরস্থান দিনটির অন্যতম প্রধান সমাবেশস্থল। অল সোলস ডে উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা তাঁদের প্রয়াত মা–বাবা, আত্মীয়স্বজন ও প্রিয়জনদের সমাধি পরিদর্শন করেন। খবর বাংলানিউজের। কবর পরিষ্কার–পরিচ্ছন্ন করে ফুল দিয়ে সাজান। সন্ধ্যায় সমাধির পাশে মোমবাতি জ্বালিয়ে প্রয়াতদের আত্মার শান্তি ও চিরমুক্তি কামনায় প্রার্থনা করেন। মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে কবরস্থান। অনেকের কাছে এই দিনটি প্রয়াত স্বজনদের সঙ্গে স্মৃতির বন্ধন নতুন করে অনুভব করার উপলক্ষ। চট্টগ্রামের প্রাচীন ক্যাথলিক উপাসনালয় পাথরঘাটার ক্যাথেড্রাল অব আওয়ার লেডি অব দ্য হোলি রোজারিতে এ উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় অংশ নেওয়ার পাশাপাশি অনেকে গির্জা সংলগ্ন কবরস্থানে গিয়ে প্রয়াত স্বজনদের সমাধিতে শ্রদ্ধা জানান। অন্যদিকে, পাঁচলাইশের বাশার মার্কেট রোডের ঐতিহ্যবাহী খ্রিষ্টান কবরস্থানেও বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটে। পরিবারের সদস্যরা একসঙ্গে এসে তাঁদের প্রয়াত স্বজনদের কবর সাজান। ফুল, মোমবাতি ও প্রার্থনার মধ্য দিয়ে স্মরণ করেন তাঁদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোকে।












