মেয়াদোত্তীর্ণ, নষ্ট বিদেশি পণ্য খোলা বাজারে বিক্রয় করছে একটি অসাধু চক্র। এতে করে স্বাস্থ্য ঝুঁকির চরম আশংকা রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে কাস্টমস কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানালেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উপরোক্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় তিনি বলেন, ধ্বংসের নামে নিষিদ্ধ ও আমদানিকৃত মেয়াদোত্তীর্ণ, নষ্ট বিদেশি পণ্যসমূহ পুনরায় চলে যাচ্ছে খোলা বাজারে। একশ্রেণীর অর্থলিপ্সু মানুষ মেয়াদোত্তীর্ণ, নষ্ট এসব মালামালগুলো সংগ্রহ করে বাজারে বিক্রয় করছে। যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এছাড়া এসব পণ্য ব্যবহার করলে মৃত্যুঝুঁকিরও আশংকা রয়েছে। তাই এ বিষয়ে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন। দেখা যাচ্ছে যে এসব মেয়াদোত্তীর্ণ, নষ্ট বিদেশী পণ্যসমূহ ধ্বংস করার সময় জেলা প্রশাসন, সিএমপি, পরিবেশ অধিদপ্তর, বন্দর ও কাস্টমসের প্রতিনিধি উপস্থিত থাকা বাধ্যতামূলক হলেও অনেক সময় এইসব সংস্থাকে না জানিয়ে ধ্বংসের নামে এসব পণ্য বাইরে পাচার করে দেওয়া হয়। পরবর্তীতে যা বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










