মীরসরাই উপজেলার হিঙ্গুলী এলাকা থেকে ৩১ টন চোরাই রডসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় রডবোঝাই একটি লরিও জব্দ করা হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে খাঁন সিটির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– বারইয়ারহাট পৌরসভার পশ্চিম হিঙ্গুলী এলাকার শেখ ফরহাদ (৪২), বাগেরহাটের মোড়লগঞ্জ এলাকার জাহিদুল ইসলাম (৩৫) ও নোয়াখালীর চরজব্বর এলাকার লরিচালক মো. আবুল হাসেন রয়েল (৩০)।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চুরি হওয়া রড বিক্রির জন্য ওই এলাকায় আনলোড করা হচ্ছে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে শেখ ফরহাদ ও জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় লরি থেকে সাত বান্ডেলে থাকা প্রায় ৩১ টন রড উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা। পরে লরিচালক আবুল হাসেনকে বিএসআরএম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। চোরাই মালামাল পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত অন্যদের বিষয়েও তদন্ত চলছে।











