মীরসরাইয়ে সদরের কলেজ রোডে দিনেদুপুরে এক স্কুল শিক্ষকের বাসার তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে মীরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এই চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া বাসাটি পৌরসদরের কলেজ রোডের বিপরীত পাশে অবস্থিত জসিম উদ্দিন ভবনে। ওই বাসার বাসিন্দা শিক্ষিকা হামিদা সুলতানা জানান, বুধবার সকালে তিনি মেয়েকে বাসায় রেখে স্কুলে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে তার মেয়েও স্কুলে চলে গেলে বাসাটি ফাঁকা হয়ে যায়। দুপুর দেড়টার দিকে স্কুল থেকে ফিরে এসে তিনি ঘরের মূল ফটকের তালা ভাঙা দেখতে পান। ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান ঘরের আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। চোরের দল ড্রয়ারের তালা ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। উক্ত ঘটনার জন্য মীরসরাই থানায় একটি অভিযোগ ও নেয়া হয়েছে বলে তিনি জানান।











