মীরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় দুই ইমামের মর্মান্তিক মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৮:২৭ অপরাহ্ণ

মীরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুয়াজ্জিন, খতিবসহ দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন ডিটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মঘাদিয়া ইউনিয়নের দরগাপাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২) এবং চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫)। জয়নাল আবেদীন ইছাখালী ইউনিয়ন, ৯নং ওয়ার্ড ওলামা দলের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, জরুরি একটি কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন দুই ইমাম। পথে জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাফায়াত হোসেন জানান, আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলেও পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। বিষয়টি পুলিশ ও স্বজনদের জানানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত