ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১ আসনে ভোটকেন্দ্রে সরঞ্জাম গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এক প্রিসাইডিং কর্মকর্তা। অসুস্থ হয়ে পড়া ওই নির্বাচনী কর্মকর্তা মীরসরাই কলেজের রসায়ন বিভাগের শিক্ষক বরুণ কন্তি সাহা। গতকাল বুধবার দুপুরে মীরসরাই উপজেলায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বিভিন্ন ভোটকেন্দ্রে সরঞ্জাম নিতে যান প্রিসাইডিং কর্মকর্তারা। সরঞ্জাম বুঝিয়ে দেওয়ার পূর্বে মীরসরাই কলেজের শিক্ষক বরণ কান্তি সাহা হঠাৎ চেয়ার থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যান। দ্রুত উদ্ধার করে সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উনাকে চিকিৎসা শেষে বাসায় বিশ্রামের জন্য প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে উক্ত হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান বলেন, অজ্ঞান হয়ে যাওয়া শিক্ষককে তাৎক্ষনিক কয়েকজন ডাক্তার দেখেছেন। সবাই পরীক্ষা করে বলেছেন, উনি সম্ভবত প্রেসারের রোগী, তাই হঠাৎ উক্ত রক্তচাপ বেড়ে যাওয়ায় অজ্ঞান হয়ে পড়েন।
এ বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, প্রিসাইডিং কর্মকর্তাদের ভোটকেন্দ্রে করণীয় সংক্রান্ত দিকনির্দেশনা মূলক বক্তব্য দেওয়ার সময় হঠাৎ উক্ত শিক্ষক অসুস্থ হয়ে যান। তিনি উপজেলার আবুরহাট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন। পরে ওই কেন্দ্রে বাবলু বড়ুয়া নামে আরেকজনকে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।











