মীরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই সহোদরের বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া গ্রামের অর্জুন দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, শত্রুতা করে কেউ তাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত দুই ভাই হলেন অর্জুন দাস ও উত্তম দাস। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পোড়া ভিটায় ড্রামে ভরা ধান, আলমারিসহ দুই পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী ভস্মীভূত অবস্থায় পড়ে আছে। আগুনের তাপে ঘরের পাশের বড় বড় গাছগুলোও পুড়ে গেছে।
অর্জুন কুমার দাস বলেন, রাত পৌনে একটার দিকে ঘরের দক্ষিণ অংশে প্রথম আগুন দেখে চিৎকার দিই। এতে পরিবারের অন্যদের ঘুম ভেঙে যায়। কোনোভাবে শুধু পরনের কাপড় নিয়ে আমরা ঘর থেকে বের হতে পেরেছি। মুহূর্তের মধ্যে আমার ও ভাই উত্তম দাসের সব শেষ হয়ে গেল। আরেক ভুক্তভোগী উত্তম কুমার দাস জানান, মাত্র দুই বছর আগে ধারদেনা করে প্রায় আট লাখ টাকা ব্যয়ে ঘরটি নির্মাণ করেছিলেন তারা। এটি নিছক দুর্ঘটনা নয় বরং কেউ শত্রুতা করে আগুন দিয়েছে বলে তার দাবি। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্তদের দাবি অনুযায়ী ক্ষয়ক্ষতি ও আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।











