মিয়ানমারে পাচারকালে নগরীর পতেঙ্গা উপকূলে ৬ হাজার লিটার ডিজেল ও আট রোহিঙ্গাসহ ১২ জনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি ইঞ্জিনচালিত নৌকায় অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয় বলে কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটক বাংলাদেশি নাগরিকরা হলেন আব্দুল মান্নান, সাকিব, মো. সাকের ও সৈয়দ আলম। রোহিঙ্গারা হলেন আবু তাহের, সৈয়দ হোসেন, এনামুল হাসান, হামিদুল হক, মো. সাকের, মো. আয়াস, মোহাম্মদ ফারুক ও পরান। ডিজেল ছাড়াও তাদের কাছ থেকে ৬টি গ্যাসভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেছেন, অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে এসব ডিজেল ওই নৌকায় বহন করা হচ্ছিল। আটককৃতদের মানব পাচারকারী উল্লেখ করে কোস্টগার্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নৌকা ব্যবহার করে মানব পাচারকারীরা ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করছিল। এ ব্যাপারে থানায় মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।














