মিনিবাস-ট্রাক সংঘর্ঘে ২০ নারী শ্রমিক আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৮ জানুয়ারি, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে নারী শ্রমিক বহনকারী মিনিবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিনিবাসে থাকা বিভিন্ন বয়সী ২০ নারী শ্রমিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঢাকাচট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা বাঁশবাড়িয়ায় অবস্থিত ইউনিটেক্স টেক্সটাইল মিলের শ্রমিক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে কারখানায় কাজ শেষে মিনিবাসে করে ফিরছিলেন শ্রমিকরা। এ সময় তাদের বহনকারী মিনিবাসটি বাঁশবাড়িয়া বাজার এলাকায় ইউটার্ন করার সময় পেছন থেকে নিয়ন্ত্রণহীন ট্রাক সজোরে ধাক্কা দিয়ে মহাসড়কে উল্টে যায়। সংঘর্ষে মিনিবাসে থাকা ২০ নারী শ্রমিক গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আহতরা হলেন হালিমা (৩০), জাহানারা (৫০), মনোয়ারা (৩৩), মিলি (৩৫), নোমান (১৬), অর্চনা রানী (৩০), রোকশানা (৩০), জরিনা বেগম (৫০), ফারজানা (২২), শাহনেওয়াজ (৩৬), জয়নাব বেগম(৪০), রহিমা বেগম(৩২), কুলসুমা আক্তার (২৮), ফারজানা(২৪), তুলি (২৬)। হাইওয়ে পুলিশ জানান, দুর্ঘটনায় ট্রাকটি মহাসড়কের মাঝখানে উল্টে যাওয়ায় চট্টগ্রামমুখী মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় একঘণ্টা পর মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাসটি সরিয়ে নিলে যানজট স্বাভাবিক হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, দুর্ঘটনার পর আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মিনিবাসটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যানজট স্বাভাবিক হয়।

পূর্ববর্তী নিবন্ধমনিটরিংয়ের দায়িত্বে আট বিচারপতি
পরবর্তী নিবন্ধনগরীতে চলতি মাসে ৮১ জুয়াড়ি গ্রেপ্তার