লোহাগাড়ায় পুকুরে ডুবে হোজাইফ ইসলাম নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাতগড় পুরান পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু হোজাইফ একই এলাকার শফিক আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে মা তার ছেলেকে নিয়ে পাশের একটি বাড়িতে বেড়াতে যান। সেখানে অন্যদের সাথে কথা বলার সময় হোফাইজ তার মায়ের চোখ ফাঁকি দিয়ে বের হয়ে যায়। পরে খেলাচ্ছলে শিশুটি পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। কিছুক্ষণ পর ছেলেকে দেখতে না পেয়ে মাসহ প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে মৃত ঘোষণা করা হয়।
চুনতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তৈয়ব উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










