মায়ের একমাত্র অবলম্বন ছিল, গাড়ির চাকা কেড়ে নিল সেই কিশোর ছেলেকে

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৬ বছর বয়সী আবিরের। বাবা মারা গেছেন কয়েক বছর আগে। মা বাছু বেগমের একমাত্র সন্তান ছিল সে। ছেলেকে ঘিরেই ছিল মায়ের বেঁচে থাকার অবলম্বন। সেই ছেলেও চলে গেল সড়ক দুর্ঘটনায়। এখন বারবার বিলাপ করে মা বলছেন, ‘আমি এখন কাকে নিয়ে বাঁচব, আমার তো সব শেষ।’

গতকাল শুক্রবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল আবির। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল সে। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের পশ্চিম কুড়ালপাড়া এলাকায় আবিরদের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকাতুর পরিবেশ। সন্তানের মৃত্যুর খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না মা। কান্না করতে করতে বারবার মেঝেতে ঢলে পড়ছেন। আর বিলাপ করে বলছেন, ‘আমি এখন কাকে নিয়ে বাঁচব।’

স্বজনেরা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে ছিল আবির। এ সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে চাপা দেয়।

আবিরের বাবা বাপ্পি রহমান কয়েক বছর আগে মারা গেছেন। স্বজনেরা জানান, বাবার মৃত্যুর আগেই মা বাছু বেগমের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। এরপর থেকে মা আলাদা থাকতেন। আবির ছিল তাঁর একমাত্র সন্তান ও বেঁচে থাকার অবলম্বন।

দারিদ্র্যের কারণে লেখাপড়া করা হয়নি আবিরের। জীবিকার তাগিদে এলাকায় মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করত, পাশাপাশি দিনমজুরিও করত। উপার্জন দিয়ে মায়ের সংসার চালাত সে।

আবিরের মৃত্যুর পর পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। মরদেহ বাড়িতে আনার পর স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেন। এক প্রতিবেশী আক্ষেপ করে বলেন, ‘মাকে দেখে রাখার কথা ছিল যে ছেলের, সেই ছেলেই আজ না ফেরার দেশে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে আবিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএনভিডিয়ার সাবেক প্রধান ও মার্কিন বাণিজ্যমন্ত্রীকে সিনেটে তলব
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে সাবেক বিডিআর সদস্যের লাশ উদ্ধার