চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও সুশৃঙ্খল জীবন গঠনের মাস। রোজা আমাদের সব ধরনের অশ্লীল ও অনর্থক কাজ থেকে বিরত রাখে। এটি হিংসা–বিদ্বেষ ভুলে, অবৈধ উপার্জন ত্যাগ করে, নিয়মিত ইবাদত এবং মানবিক কাজের মাধ্যমে একটি সুন্দর, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ সমাজ ও ব্যক্তিজীবন গড়ে তুলতে সাহায্য করে। রোজার মাধ্যমে মানুষ ধৈর্য, সংযম ও সহনশীলতার শিক্ষা পেয়ে থাকে। মানুষের কথাবার্তায়, কাজেকর্মে ও চলাফেরায় ধৈর্য ধারণের মাধ্যমেই সিয়াম সাধনা পরিপূর্ণ হয়। তাই রমজানের এই এক মাসের শিক্ষা আমাদের পরবর্তী এগারো মাসের বাস্তব জীবনে প্রয়োগ করা অপরিহার্য।
গতকাল বৃহস্পতিবার আন্দরকিল্লা শাহী জামে মসজিদে মাসব্যাপী ইফতার মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আবু সুফিয়ান উপস্থিত মুসল্লীদের সাথে ইফতারে অংশগ্রহণ করেন। মসজিদের খতীব আওলাদে রাসূল (সাঃ) ছাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল–মাদানী সাহেবে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, খোরশেদুল আলম, আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন আন্দরকিল্লা মুসল্লী পরিষদের জয়নাল আবেদীন, এড. জিয়া হাবিব আহসান, বেলায়েত হোসেন, মাওলানা শহিদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












