চব্বিশের জুলাই আন্দোলনকালে মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় পর্যাপ্ত তথ্য না দেওয়ায় সাবেক সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে আবার চার দিনের রিমান্ডে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।
শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল গোয়েন্দা (ডিবি) পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম নতুন করে রিমান্ডের এ আদেশের তথ্য দেন। এর আগে তিন দফায় ১৪ দিনের রিমান্ড শেষে গত ৭ এপ্রিল চতুর্থ দফায় দেলোয়ার হত্যা মামলায় সাবেক এ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত। খবর বিডিনিউজের।
রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গত ২৩ মার্চ অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। পরদিন এ মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এরপর গত ২৯ মার্চ দ্বিতীয় দফায় ছয় দিন এবং ৪ এপ্রিল তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। চতুর্থ দফার রিমান্ড শেষে শনিবার সাবেক এ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করে দেলোয়ার হত্যা মামলায় আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. রায়হানুর রহমান।
আবেদনে বলা হয়, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তকাজে সহায়ক হবে। মামলার ঘটনার বিষয়ে তথ্য গোপন রেখে সামান্য কিছু তথ্য দিয়েছেন। তার দেওয়া তথ্য যাচাই–বাছাই করা হচ্ছে। এজন্য তাকে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
দেলোয়ার হত্যা মামলার বিবরণে বলা হয়েছে, ‘২০২৪ সালের ১৯ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র–জনতার শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০–৭০০ নেতাকর্মী। আন্দোলনকারীদের ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়।’ তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে দেলোয়ার মারা যান।














