জ্বালানি সংকটে মূল্যস্ফীতি ফের চাঙ্গা হওয়ার শঙ্কার মধ্যে মার্চে সার্বিক মূল্যস্ফীতি কমার তথ্য দিয়েছে সরকার। টানা কয়েক মাস বেড়ে ফেব্রুয়ারিতে নয় শতাংশের ঘরে পৌঁছে যাওয়া মূল্যস্ফীতির হার এক মাসের ব্যবধানে আবার আট শতাংশের ঘরে নেমে এসেছে। গতকাল রোববার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে। একমাস আগেও যা ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। খবর বিডিনিউজের।
৮ দশমিক ৭১ শতাংশ মূল্যস্ফীতির হার দিয়ে বোঝায়, গত বছর মার্চ মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা চলতি বছরের মার্চে পেতে খরচ করতে হয়েছে ১০৮ টাকা ৭১ পয়সা। মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৪ শতাংশে, যা ফেব্রুয়ারিতে ৯ দশমিক ৩০ শতাংশ ছিল। অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে মার্চে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৯ শতাংশে যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ০১ শতাংশ।














