চলতি বছরের মার্চ মাসে সারাদেশে ৩৮৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪১৫ জন ও আহত হয়েছে ৬৮৮ জন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিভাগীয় অফিসসমূহের মাধ্যমে সারাদেশ থেকে সড়ক দুর্ঘটনার এ তথ্য সংগ্রহ করে। গতকাল সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ারিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খবর বাসসের।
বিআরটিএ’র তথ্য অনুযায়ী মার্চ–২০২৩ মাসে দুর্ঘটনায় পতিত যানবাহনের সংখ্যা ৫৩৬টি। এর মধ্যে– মোটরকার ১০টি (১.৮৭%), বাস ৮৭টি (১৬.২৩%), পিকআপ ৩০টি (৫.৬০%), অটোরিকশা ৪৮টি (৮.৯৬%), ট্রাক ১০৩টি (১৯.২২%), মোটরসাইকেল ১০০টি (১৮.৬৬%), ব্যাটারিচালিত রিকশা ০২টি (০.৩৭%), ইজিবাইক ০৮টি (১.৪৯%), ট্রাক্টর ১১টি (২.০৫%), অ্যাম্বুলেন্স ০৪টি (০.৭৫%), ভ্যান ১১টি (২.০৫%), মাইক্রোবাস ১২টি (২.২৪%) ও অন্যান্য যান ১১০টি (২০.৫২%)।












