নগরীর হালিশহরে বিস্ফোরণের ঘটনায় উম্মে আইমান স্নিগ্ধা (১০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এক মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত উম্মে আইমান স্নিগ্ধা মোটর পার্টস ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের মেয়ে।
এর আগে সাখাওয়াত হোসেন, তার স্ত্রী নুরজাহান বেগম ও ছেলে সাফায়াত হোসেনের মৃত্যু হয়। সর্বশেষ তার মেয়ে আইমান সিগ্ধা মারা যাওয়ায় পরিবারটির আর কেউই বেঁচে রইল না। এ নিয়ে ঘটনায় দগ্ধ ৯ জনের মধ্যে সাতজনের মৃত্যু হলো।
স্নিগ্ধার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, বুধবার দিবাগত রাত দুইটার দিকে আইমান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সংক্রমণ ছড়িয়ে পড়ায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ভোর সাড়ে চারটার দিকে নগরের হালিশহরের হালিমা মঞ্জিল নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোটর পার্টস ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের পরিবারের চার সদস্য ছাড়াও তার পর্তুগালপ্রবাসী মেজ ভাই সামির আহমেদ ও মেজ ভাইয়ের স্ত্রী পাখি আক্তার এবং ছোট ভাই শিপন হোসেন মারা গেছেন।












