মামলার ৪ ঘণ্টার মধ্যে সাত আসামি গ্রেপ্তার

মনসুরাবাদে সিকিউরিটি গার্ড হত্যা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ৫:১৮ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় সিকিউরিটি গার্ড আবু সিদ্দিক হত্যা মামলার এজাহারভুক্ত সাত আসামিকে মামলার ৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ১৫ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে মনসুরাবাদের পশ্চিম পাড়ার বাঘারবিল এলাকার একটি গ্যারেজে প্রবেশ করে সিকিউরিটি গার্ড আবু সিদ্দিকের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কিলঘুষি ও এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে একজন আসামি গ্যারেজে থাকা একটি রিকশার চাকার লোহার রিং দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলে আবু সিদ্দিকের মৃত্যু হয়। এ ব্যাপারে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়।

মামলার বাদী মো. আসলাম অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর আসামিরা মরদেহ গুম করার উদ্দেশ্যে গ্যারেজের ভেতরে থাকা একটি মিনি পিকআপে তুলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মামলার পরপর ডবলমুরিং মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন শেখ আহমেদ রুবেল (৩৫), মো. সাইফুল ইসলাম (২৭), মনিরুজ্জামান মামুন (২৮), মো. জামাল উদ্দিন মিজান (৪৫), মো. গোলাম রব্বানী (৫৫), মো. আবুল বাশার (৩৯) ও পেয়ার আহাম্মদ (৫৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক তথ্য দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহতাশা ভুলে পডিয়ামের লড়াই
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে