মানবিকযোদ্ধা পদক ২০২০ পেলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সন্তান সাইফুর রহমান শাকিল। আন্তর্জাতিক সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে করোনাকালে অসামান্য মানবিক কর্মকাণ্ডের জন্য সারাদেশ থেকে দশজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবিকযোদ্ধা পদক ২০২০ প্রদান করেন। ১৩ ডিসেম্বর পদক প্রদান উপলক্ষে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসন, সুইজারল্যান্ড অ্যাম্বাসির প্রতিনিধি হ্যান্কজ পিকনানী, বাংলাদেশে কর্মরত কানাডিয়ান হাই কমিশনের প্রতিনিধি পেড্রা মুন মরিস, সুইডেন অ্যাম্বাসির প্রতিনিধি ক্রিসটাইন জনসন, সিপিডি ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও শিক্ষাবিদ নিরূপা দেওয়ান।
উল্লেখ্য, সীতাকুণ্ডের সন্তান সাইফুর রহমান শাকিল ব্যক্তিগত উদ্যোগে করোনাকালে অসহায় দুস্থ ও মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহযোগিতা করেন এবং প্রতিদিন ১৫০ জন করে মোট ৮৫০০ জন অনাহারী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।











