মাদ্রাসা থেকে বাড়ি ফেরা হলো না বাঁশখালীর মীমফার

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে মাদ্রাসা থেকে ফেরার পথে মোটরসাইকেল চাপায় নাওরির আবছার মীমফা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম সাধনপুর ডিসি সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাওরির আবছার মীমফা পশ্চিম সাধনপুর ৭নং ওয়ার্ড এলাকার ওমান প্রবাসী মোঃ আবছারের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য শওকত জানান, প্রতিদিনের মতো বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম সাধনপুর সিরাজুল মোস্তফা নূরানী মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফিরছিল মায়ের হাত ধরে নাওরির আবছার মীমফা। এ সময় ডিসি সড়ক এলাকায় হঠাৎ দক্ষিণ থেকে একটি মোটরসাইকেল এসে তাকে মেরে দিলে মায়ের হাতে থেকে নাওরির আবছার মীমফা দূরে গিয়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গুনাগরী আয়েশা সিদ্দিকা হাসপাতালে নেওয়া হয়।

আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন দায়িত্বরত চিকিৎসকরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঁশখালী থানার সুধাংশু শেখর হাওলাদার বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসমাজসেবক হাজী মো. রফিক আহমদ এর ইন্তেকাল