চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সততা বজায় রেখে আমরা সকল উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি ন্যায় ও নীতির ভিত্তিতে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে মাদক ও চাঁদাবাজি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
গতকাল সোমবার বেলা ১১টায় বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে (স্বাধীনতা) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা পিপলূ চন্দ্র নাথ, কৃষি অফিসার মো. শাহানুর ইসলাম এবং বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন, এল.এস.ডি খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক, আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা অলক চাকমা এবং পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মিজানুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক বোয়ালখালী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে ৩টি ট্রাই সাইকেল ও ৪ জনের হাতে ‘সুবর্ণ নাগরিক কার্ড’ তুলে দেন। এছাড়া ২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ব্যবসায়িক সহায়তায় ৫০ হাজার টাকা ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।











