হেলথ স্কুল ও এপিক হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে দেশে প্রথম বারের মত আয়োজিত রিজিওনাল এনাটমি অলিম্পিয়াডের বাছাই পর্ব। তুমুল এ প্রতিযোগিতায় নির্বাচিত সেরা পাঁচজন হলেন সানজিদা তাহসিন রাইদা, মিথিলা দাস, মিফতাহুল আলম, অর্কদীপ দে এবং মো. শাহরিয়ার মাহমুদ। আয়োজনে উপস্থিত ছিলেন এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসমা মোস্তফা, সহযোগী অধ্যাপক ডা. রুমা চক্রবর্তী, সহকারী অধ্যাপক ডা. মো. ইব্রাহিম সোহেল, এপিক হেলথ কেয়ারের ডাইরেক্টর (এডমিন এন্ড এইচআর) তহমিনা মরিয়ম, ডাইরেক্টর (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) তানজিনা কবির, হেলথ স্কুলের প্রতিষ্ঠাতা ডা. হামিদ হোছাইন আজাদ এবং ওয়াই স্যাবের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত ১৪টি মেডিকেল কলেজের প্রায় সাড়ে চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চট্টগ্রামে শুরু হয়েছে ১ম রিজিওনাল এনাটমি অলিম্পিয়াড ২০২৪। প্রথম পর্যায়ে ১৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি মেডিকেলে চলছে বাছাই পর্ব। পরবর্তীতে ১৪টি মেডিকেল কলেজ থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজন প্রসঙ্গে এপিক হেলথ কেয়ারের এজিএম (অপারেশন্স) ডা. মো. ইমতিয়াজ উদ্দিন বলেন, মেডিকেল শিক্ষার্থীদের মেধা–মনন, সহনশীলতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান করার ক্ষমতা ও নেতৃত্ব চর্চার গুণাবলী বাড়াতে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহ–শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যতে দক্ষ পেশাজীবন গড়ে তোলার সুযোগ রয়েছে। মেডিকেল শিক্ষা জীবনের শুরু থেকেই পেশাদার মনোভাব তৈরি করা এবং মেডিকেল শিক্ষাকে আরও আনন্দময় করে তুলতে এনাটমি অলিম্পিয়াডের মত আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।











