ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা করলে হাত মুচড়িয়ে দিতে হবে

নির্বাচনী সভায় জামায়াত আমির

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি পেশিশক্তির মাধ্যমে ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা চালায়, তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। কেউ যদি ভোট দিতে বাধা দেয় তার হাত মুচড়িয়ে দিতে হবে। যদি মামলা করতে আসে তখন বলবেন ডা. শফিকুর রহমানের নামেই মামলা করুন। তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মাবোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ঘরেবাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাবোনেরা নিরাপদে চলাফেরা ও বসবাস করতে পারবেন। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।

গতকাল শুক্রবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, যুবকরা জুলাই আন্দোলনে না নামলে ২০৪১ সাল পর্যন্ত দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করা সম্ভব হতো না। তাই আগামীতেও যুবসমাজকে জেগে উঠতে হবে। এই আন্দোলন ও লড়াই তাদের নিয়েই এগিয়ে নেওয়া হবে। খুব শিগগিরই এই যুবকদের হাতেই দেশের দায়িত্ব তুলে দিতে চাই।

ঝালকাঠিবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, শরীফ ওসমান হাদি ঝালকাঠির সন্তান। আমরা নির্বাচনে ক্ষমতায় গেলেই হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে। হাদির দর্শনের মধ্যে উল্লেখযোগ্য ছিল, ইনসাফ ও বৈষম্যমূলক বাংলাদেশ। জাতীয় স্বার্থে সেই দর্শনও বাস্তবায়ন করা হবে। গণভোটের ‘হ্যাঁ’তে ভোট দিলে সেটি নিশ্চিত করার সুযোগ আসবে। দেশ গঠনের বিষয়ে জামায়াত আমির বলেন, চাকরি, দায়িত্ব, পেশার ওপর ভিত্তি করে বেতন কাঠামো নির্ণয় করা হবে। যাতে কারো উচ্চ আকাঙ্ক্ষা না থাকে। তারপরও যদি চাকরিজীবী কেউ অন্যভাবে উপাজর্নের চেষ্টা করে তাকে দৃষ্টান্তমূলক শিক্ষা দেওয়া হবে। আমরা যুবকদের বেকার ভাতা দেব না, তাদের কর্মসংস্থানে যুক্ত করে দেশগড়ার হাতিয়ার করা হবে।

সভামঞ্চে উপহার পাওয়া শীতল পাটিতে শুয়ে পড়লেন আমির : ঝালকাঠিতে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার দুপুর ২টার দিকে ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে জনসভায় এ উপহার পান তিনি। পরে উপহার দেওয়া পাটিকরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে হেলিকপ্টার যোগে ঝালকাঠির থানার মাঠে নামেন শফিকুর রহমান। পরে গাড়িতে করে সভামঞ্চের মাঠে গিয়ে জুম্মার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে বক্তব্য দেন।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিকদের বিরুদ্ধে হয়রানি বন্ধ না হলে কাল থেকে বন্দরে লাগাতার কর্মবিরতি স্কপের হুঁশিয়ারি
পরবর্তী নিবন্ধবিএনপির ইশতেহারে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার প্রতিশ্রুতি