দীর্ঘদিনের উত্তেজনা ও টানাপোড়েন কাটিয়ে অবশেষে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দেশ দুটি এ সিদ্ধান্তের কথা জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র। খবর বাসসের।
সমপ্রতি ভেনেজুয়েলা সফর করেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম। তার দুই দিনের এই সফর শেষ হওয়ার পরপরই সম্পর্ক উন্নয়নের এই ঘোষণা এল। মূলত ভেনেজুয়েলার বিশাল খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করাই ছিল এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘কূটনৈতিক ও কনস্যুলার সম্পর্ক পুনঃস্থাপন হলে ভেনেজুয়েলায় স্থিতিশীলতা বাড়ানো, অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করা এবং রাজনৈতিক সমঝোতা এগিয়ে নিতে দুই দেশের যৌথ প্রচেষ্টা আরও সহজ হবে।’ বিবৃতিতে বলা হয়, ‘আমাদের এই সম্পৃক্ততার লক্ষ্য হলো ধাপে ধাপে এমন একটি প্রক্রিয়া এগিয়ে নেওয়া, যার মাধ্যমে ভেনেজুয়েলার জনগণ শান্তিপূর্ণভাবে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দিকে অগ্রসর হওয়ার সুযোগ পাবে।’ ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা পারস্পরিক সম্মান, সার্বভৌম সমতা এবং দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতার ভিত্তিতে একটি গঠনমূলক সংলাপের নতুন ধাপ শুরু করতে চায়। এই সম্পর্ক দুই দেশের জন্যই ইতিবাচক ও লাভজনক হবে বলে তারা আশাবাদী।











