এএফসি অ–২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ খুব ভালো অবস্থানে ছিল। গতকাল থাইল্যান্ডে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ড্র করলে এই গ্রুপের তৃতীয় স্থান নিশ্চিত হতো। তখন বি ও সি গ্রুপের নিচের সারির দুই দলের মধ্যকার ম্যাচগুলোর একটি ড্র হলেই বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যেত। এত সব সমীকরণ ও সম্ভাবনা ভেস্তে গেছে বাংলাদেশ ০–১ গোলে হেরে যাওয়ায়। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার টুর্নামেন্টে ভালোই পারফরম্যান্স করছিলেন। গতকাল তার ভুলেই বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। দ্বিতীয়ার্ধের মিনিট পাঁচেক পর বক্সের একটু সামনে ফ্রি কিক পায় ভিয়েতনাম। মিলি পোস্ট থেকে বেরিয়ে এসে বল গ্রিপে নিতে পারেননি। তার হাত ফস্কে যাওয়া বল সহজে হেডে বাংলাদেশের জালে পাঠান ভিয়েতনামের ফরোয়ার্ড। গোল পরিশোধের জন্য আরো ৪০ মিনিট সময় পেয়েছিল বাংলাদেশ। গোল পরিশোধের মতো আক্রমণ ও সুযোগ তৈরি করতে পারেনি। ভিয়েতনাম বল পজিশনে এগিয়ে থাকলেও গোল ব্যবধান বাড়াতে পারেনি। ফলে ০–১ স্কোরলাইনেই খেলা শেষ হয়। থাইল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন সাগরিকা। গতকাল ম্যাচের প্রথমার্ধে তিনি দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন। ভিয়েতনামের গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি। সাগরিকার ঐ সুযোগ ছাড়া বাংলাদেশ আর সেই রকম গোলের স্পষ্ট সুযোগ পায়নি।













