ভালোবাসা আঁকড়ে ধরে থাকার অনুভব

চাঁদ সুলতানা নকশী | শনিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

ভালোবাসা বলতে কেবলই আমি বুঝি একটা আঁকড়ে ধরে থাকা অনুভব। যেখানে অনুভূতি শূন্য, সেখানেও ভালোবাসা থেকে যায় নীরবে নিভৃতে। যার চোখের ভীষণ মায়ায় পড়ে আমি তাকে রোজ খুঁজে যাই আমারই ভুবন জুড়ে। মায়ায় পড়ার পরে এই পৃথিবীকেও ভীষণ তুচ্ছ লাগে। দৃষ্টি কেবল আটকে থাকে সে দুচোখের নিকোষ কালো তারার মাঝে। যে চোখে তাকানোর পর আর অন্য কোন চোখে চোখ রাখা যায় না, সেই দুচোখ তবে কোনও কারণে, কোনও বারণে কি ভুলে যেতে পারি? হৃদয়জুড়ে লেগে থাকে সেই প্রণয়ীর ঘ্রাণ কিন্তু সে কোথাও নেই, নেই তাঁর বিচরণ, তবু এই দেহের ভেতর যেন তাঁরই বসবাস। সে থেকে যায় ভীষণ রকম ভালোবাসায়, আর আমি পড়ে রই তাঁরই অবহেলায় কিংবা অযত্নে।

সে ছেড়ে যেতে পারে খুব সহজ সমীকরণে আর আমি বারবারই আটকে যাই তাঁর অভ্যাসে। কত শত প্রেম কড়া নেড়েছে দরজায় এসে কিন্তু আমি দরজা খুলতে পারিনি, কারণ চাবি সে তো কেবল তাঁরই হাতে সঁপেছি। আর দরজায় লিখে রেখেছি সংবিধিবদ্ধ সতর্ককরণ– ‘এই দরজায় প্রবেশ সম্পূর্ণ নিষেধ’। সে ভুলে গেছো হয়তো তাকে আমি পাহাড় সমান ভালোবেসেছি, আর সে বারবার আকাশ সমান দূরত্ব বাড়িয়েছো। সে কখনো জানতেও পারেনি, জানতেও চায়নি রোজ কতটা পুড়েছি আমি না পাওয়ার বেদনায় আর কতবার মরেছি আমি তাকে তীব্র ভালোবাসার পরে।

পূর্ববর্তী নিবন্ধআজ বসন্ত
পরবর্তী নিবন্ধভালোবাসা প্রকাশের জন্য বিশেষ দিনের দরকার নেই, ভালোবাসা প্রতিদিন