ভারতের জয়ে সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা

| শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৫৭ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের জয়ে লক্ষ্য পূরণ হলো দক্ষিণ আফ্রিকার। টিটোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকেট পেল গতবারের রানার্স আপরা। সুপার এইটে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে সেমিফাইনালের দুয়ারে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচে চেন্নাইয়ে ভারতের জয়ে শেষ চারের টিকেট নিশ্চিত হয়ে যায় প্রোটিয়াদের। এই পর্বে দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এক নম্বর গ্রুপের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। ২ পয়েন্ট করে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দুইয়ে ও ভারত তিনে আছে। দুই ম্যাচেই হেরে বিদায় নিয়েছে জিম্বাবুয়ে। এখন আগামী রোববার ইডেন গার্ডেন্সে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সুপার এইটের শেষ ম্যাচটা কার্যত কোয়ার্টারফাইনালে পরিণত হলো। সেদিন যারা জিতবে, তারাই এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে জায়গা করে নেবে। আর ম্যাচ ভেস্তে গেলে নেট রান রেটে এগিয়ে থাকায় পরের ধাপে যাবে ক্যারিবিয়ানরা।

পূর্ববর্তী নিবন্ধঅ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার পাবলু
পরবর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ চট্টগ্রাম ভেন্যুতে খাগড়াছড়ির জয়